চলন্ত ট্রেনে পাথর ছোড়া রোধে দেড় হাজার জনবল নিয়োগো সুপারিশ

চলন্ত ট্রেনে পাথর ছোড়া বন্ধে রেলওয়ের নিরাপত্তা বাহিনীতে আরো দেড় হাজার জনবল চায় বাংলাদেশ রেলওয়ে। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে রেলপথ বিভাগ থেকে এই জনবলের কথা বলা হয়। পরে কমিটির পক্ষ থেকেও এ নিয়োগের বিষয়ে সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রণালয় তাদের গৃহীত পদক্ষেপ নিয়ে কমিটিকে অবহিত করেছে। আমরা জনবল বাড়ানোর সুপারিশ করেছি।’ সম্প্রতি চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী গুরুতর আহত হওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করে স্থায়ী কমিটি।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে রেলওয়ের সম্ভাব্য পরিকল্পনায় মুজিবনগরে নির্মিতব্য রেললাইনের সঙ্গে সম্পৃক্ত করে দর্শনা-জীবননগর-দত্তনগর-মহেশপুর-চৌগাছা-যশোর পর্যন্ত রেললাইন অন্তর্ভুক্ত করে প্রকল্প গ্রহণ এবং এডিবির অর্থায়নে নির্মিত রেলওয়ের ওয়াশিং প্লান্টগুলো দ্রুত কার্যকর করার সুপারিশ করা হয়। বৈঠকে কমিটির সদস্য আসাদুজ্জামান নূর, মো. শফিকুল আজম খান, মো. সাইফুজ্জামান, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন।