গাজীপুর মহানগরীর পূবাইলে নিখোঁজের ১৫ ঘণ্টা পর ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে মাজুখান গ্রামের সালাম মুন্সীর বাড়ির সামনে থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম মো. সিহাব। সে গাজীপুর মহানগরীর পূবাইল থানার মাজুখান গ্রামের মো. জুয়েলের ছেলে।
নিহতের পরিবার জানায়, শনিবার দুপুরে নিখোঁজের পরপরই পূবাইলের বিভিন্ন এলাকায় দিনভর মাইকিং করা হয়। অনেক খোঁজাখুঁজি করেও ঐদিন সিহাবের কোনো সন্ধান পাওয়া যায়নি। রবিবার ভোরে স্থানীয়রা বাড়ির পাশে সিহাবের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শিশুর বাবা জুয়েল জানান, নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও সিহাবের সন্ধান না পেয়ে রাতে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম। সিহাবকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
পূবাইল থানার ওসি মো. মহিদুল ইসলাম বলেন, ‘রবিবার ভোরে বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’