‘টাকা চেয়ে না পেয়ে ভাবিকে খুন করে লিমন’

‘ভাবির কাছে টাকা চেয়ে না পেয়ে দেবর মো. ফরহাদ হোসেন লিমন (২২) ক্ষুব্ধ হয়ে ভাবিকে খুন করে। এরপর স্বর্ণালঙ্কারসহ দামি জিনিসপত্র নিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলো সে। পরে এই ঘটনাকে চুরির ঘটনা হিসাবে প্রমাণেরও চেষ্টা করেছিলো। কিন্তু পুলিশের জালে ধরা পড়ার পর তার সব পরিকল্পনা ভেস্তে যায়।’ 

সোমবার দামপাড়া পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম। পুলিশ লিমনকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য জানিয়েছে।

ফরহাদ হোসেন লিমন জানায় সে নিয়মিত ভারতীয় ধারাবাহিক ‘ক্রাইম পেট্রোল’ দেখতো। ক্রাইম পেট্রোলে বিভিন্ন হত্যাকান্ডের রহস্য উদঘাটনের বিষয়গুলো দেখানো হয়। সেখান থেকে দেখে অনুপ্রাণিত হয়ে ভাবিকে খুন করে এই ঘটনাকে চুরির ঘটনা হিসাবে সাজানোর চেষ্টা করে।

রিমান্ডের প্রথম দিন আসামি লিমনের দেওয়া তথ্যে পুলিশ লুন্ঠিত কানের দুল, চেইন, ব্রেসলেটসহ স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে। সাউন্ড বক্সের ভেতরে লুকানো ছিল এসব সামগ্রী।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান)  আমেনা বেগম আরো জানান, ‘গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে হাসিনা বেগমকে (৩২) হত্যা করে ফরহাদ হোসেন লিমন। পরে হাসিনা বেগমের মরদেহ বাসার বাইরে আরেকটি কক্ষে তালা মেরে রেখে পালিয়ে যায় সে। এ ঘটনায় হাসিনা বেগমের ভাই মো. মানিক আকবর শাহ থানায় মামলা দায়ের করেন।’

আকবর শাহ থানার তদন্তকারী কর্মকর্তা জানান, ‘ফরহাদ হোসেন লিমনকে গ্রেফতারের পর ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। রিমান্ডের প্রথম দিনেই লিমন তার ভাবিকে খুনের কথা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে লিমন আরো জানায়, টাকা চেয়ে না পেয়ে সে ক্ষুব্ধ হয়। রাতে সবাই ঘুমিয়ে পড়লে পরিকল্পনা অনুযায়ী ভাবি হাসিনা বেগমকে খুন করে মরদেহ লুকিয়ে রাখে এবং স্বর্ণালঙ্কারসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে বেরিয়ে যায়।’

নিহত হাসিনা বেগম নোয়াখালীর শফিগঞ্জ এলাকার পশ্চিম মাইজচরা গ্রামের মেয়ে। তিনি আকবর শাহ থানাধীন কালির হাট ১নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন এবং একটি গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। আসামি লিমন চাঁদপুরের পাইকপাড়া এলাকার আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।

আরও পড়ুনঃ স্বামীকে হত্যার দায়ে স্ত্রী-পুত্রসহ চারজনের বিরুদ্ধে মামলা

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. কামরুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) পংকজ বড়ুয়া, আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু