গঙ্গাচড়ায় উঁচু-নিচু বাঁধে চলাচলে ভোগান্তি

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ায় তিস্তা প্রতিরক্ষা ডান তীর বাঁধ নির্মাণকাজ সমানভাবে করা হয়নি। ফলে উঁচু-নিচু হওয়া এ বাঁধ দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়ছে পথচারীরা। জানা যায়, রংপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ২০১৯ সালে বাঁধের পুনর্নির্মাণ কাজ শুরু করে। ইতিমধ্যে বাঁধের ৪৬ কিলোমিটার অংশের মধ্যে ৩৫ কিলোমিটার অংশের কাজ শেষ হয়েছে। এখনো বাকি ১১ কিলোমিটার অংশের কাজ। গজঘন্টার জয়দেব এলাকার স্কুলশিক্ষক একরামুল বলেন, বাঁধে ওঠা-নামা করা দুষ্কর। কমপক্ষে ছয়/সাত ফুট উঁচু-নিচু। এ ব্যাপারে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব বলেন, আপাতত বরাদ্দ না থাকায় বাকি কাজ করা যাচ্ছে না।