পাবনায় হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ডাদেশ

পাবনা প্রতিনিধি

পাবনায় অটোরিকশাচালক মানিক হোসেন হত্যা মামলায় দুই জনকে মৃত্যুদণ্ড ও আরো ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে পাবনার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আছাদুজ্জামান এ রায় দেন। এ সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের সুলতান প্রামাণিকের ছেলে স্বপন এবং একই গ্রামের ইশরাম প্রামাণিকের ছেলে ইকবাল। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি মালিগাছা ইউনিয়নের রাখালগাছি গ্রামের একটি ধানখেত থেকে আটোরিকশা চালক মানিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত মানিকের বাবা অজ্ঞাতনামাদের আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সরকারপক্ষে আইনজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন এবং আসামিদের পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সনত্ কুমার।