বালিয়াকান্দিতে বিস্ফোরণ স্থল থেকে আরো দুটি বোমা উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা

বালিয়াকান্দিতে বিস্ফোরণের সেই স্থান থেকে আরো দুটি বোমা উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজমের বোমা ডিসপোজাল ইউনিট। সোমবার দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া গ্রামে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজমের ইন্সপেক্টর মো. শফিউদ্দীনের নেতৃত্বে একটি অভিযান দল বোমা দুটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত বোমা দুটি চিত্রা নদীসংলগ্ন ফাঁকা স্থানে নিষ্ক্রিয় করা হয়। বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের কাউন্টার টেররিজমের বোমা ডিসপোজাল ইউনিটের একটি দল বিস্ফোরণস্থল থেকে দুটি বোমা উদ্ধার করেছে। পরে বোমা দুটি নিষ্ক্রিয় করা হয়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সকালে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকা পোড়া গ্রামে মেহগনিগাছ কাটতে গিয়ে মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়।