‘ষড়যন্ত্রের বুলেট’ এখনো শেখ হাসিনার পিছু ছাড়েনি :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, পঁচাত্তর-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে ঝুঁকিময় রাজনীতিকের নাম শেখ হাসিনা। বারে বারে ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছেন তিনি। তার জীবনের ওপর বারবার আঘাত করা হয়েছিল। অন্তত ২০ বার হত্যার চেষ্টা হয়েছিল। এখনো ‘ষড়যন্ত্রের বুলেট’ শেখ হাসিনার পিছু ছাড়েনি। তবুও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা অকুতোভয়ে এগিয়ে যাচ্ছেন পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে।

গতকাল সোমবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে এ আলোচনাসভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা ভয়কে জয় করেছেন। পিতা বঙ্গবন্ধুর মতো ভয়কে জয় করে, স্মিতহাস্যে সব ষড়যন্ত্র মাড়িয়ে এগিয়ে যাচ্ছেন। সততার রাজনীতির এক বিরল দৃষ্টান্ত বঙ্গবন্ধু পরিবার জানিয়ে সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা তার ছেলেমেয়েদের দিয়ে বিকল্প কোনো পাওয়ার হাউজ সৃষ্টি করেননি। তিনি তাদের জ্ঞানে গরিমায়, মেধায়-পড়াশোনায় সমৃদ্ধ করেছেন। বঙ্গবন্ধু পরিবার থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

ওবায়দুল কাদের বলেন, ২০২২ সালে কিছু মেগা প্রকল্প উদ্বোধন হবে। বিএনপি নেতারা সেই সময় চোখে সরষে ফুল দেখবেন। তিনি বলেন, বাংলাদেশের ভোটের রাজনীতি বড় জটিল। মানুষ এখন উন্নয়ন চায়। মানুষ এখন চরিত্রবান লোককে ক্ষমতায় দেখতে চান।

বাংলাদেশের রাজনীতিতে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প কে? শেখ হাসিনার বিকল্প একজন নেতা দেখান—বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, টেমস নদীর ওপারে থেকে এক জন পলাতক আসামিকে নেতা নির্বাচন করলে জনগণ তা মেনে নিবে না। মানুষ এত বোকা নয়, মানুষ জানে বিএনপিকে ভোট দিয়ে লাভ নেই।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের কর্মীরা অনেকেই বলেন মূল্যায়ন হয়নি, কিছু পায়নি। এ ধরনের হাহাকার শুনতে পাই। একটু বঙ্গবন্ধু পরিবারের দিকে চেয়ে দেখুন। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন কীভাবে এ পরিবার চলেছে। কীভাবে বেগম মুজিব একটা পরিবারকে আগলে ধরেছেন। সেই ইতিহাস পড়ুন। ইতিহাস থেকে শিক্ষা নিন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি বলব—হাহাকার করছেন কেন? বাংলাদেশে এখন উপার্জনের, বেঁচে থাকার অনেক পথ। অনেক দুয়ার শেখ হাসিনা খুলে দিয়েছেন। টাকা-পয়সার দিকে চোখ দিয়ে লাভ নেই। বঙ্গবন্ধু পরিবারের দৃষ্টান্ত অনুসরণ করুন। নেত্রীর দিকে তাকান।

সবাইকে আদর্শের রাজনীতি করার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বেঁচে থাকার জন্য টাকা ও সম্পদ বানানোর প্রয়োজন নেই। দুনিয়া থেকে চলে গেলে এগুলো কে খাবে? এত টাকা এত সম্পদের কী প্রয়োজন? মিনিমাম যেটুকু প্রয়োজন সচ্ছলতার জন্য, সেইটুকু অর্জন করেন।

কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কৃষিবিদ ড. মির্জা আবদুল জলিলের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্যসচিব ফরিদুন্নাহার লাইলী।