অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক এম বদিউজ্জামান ও তার স্ত্রী নাসরিন জামানের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের সহকারী পরিচালক মো. সাইদুজ্জামান বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা দুটি দায়ের করেন। মামলা দুটির মধ্যে এম বদিউজ্জামানকে দুই মামলায় এবং তার স্ত্রী নাসরিন জামানকে এক মামলায় আসামি করা হয়েছে।
জানা যায়, প্রথম মামলায় এনআরবি ব্যাংকের পরিচালক এম বদিউজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত মোট ১ কোটি ৩ লাখ ১০ হাজার ৭২৩ টাকার সম্পদ নিজ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় শুধুমাত্র এম বদিউজ্জামানকে আসামি করা হয়েছে। অপর মামলায় এম বদিউজ্জামানের স্ত্রী নাসরিন জামান ও বদিউজ্জামানকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে নাসরিনের বিরুদ্ধে ১ কোটি ৪৯ লাখ ২৮ হাজার ৯২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সেখানে স্বামী বদিউজ্জামানকে ঐ সম্পদ অর্জনের সহায়তা করার অভিযোগ এনে আসামি করা করেছে।
এদিকে দুদকের উপ-সহকারী পরিচালক সহিদুর রহমান বদিউজ্জামানের আরেক স্ত্রী তৌহিদা সুলতানার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের আরেকটি অভিযোগ অনুসন্ধান করছেন। সে অনুসন্ধানও শেষ পর্যায়ে বলে দুদক সূত্র জানায়।