ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ মাছ বাজারে রবিবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
রাত ১২টার দিকে স্থানীয় মো. শাহজাহান মিয়ার ইলেকট্রনিক্সের দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিটে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। খবর পেয়ে স্থানীয় জনগণ ও নেত্রকোনা ফায়ার সার্ভিসের ২টিসহ ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহের ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এবং পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম।
মেসার্স রিপন এন্টারপ্রাইজের মালিক মো. শাহজাহান মিয়া (৪৫) জানান, ‘রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত পৌনে ১২টার সময় তার ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগার খবর পাই।’
তার ধারণা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ অগ্নিকাণ্ডে তার দোকানসহ পাশের ৮টি বিভিন্ন দোকান পুড়ে যায়। অগ্নিকাণ্ডে তার দোকানঘরসহ দোকানের প্রায় অর্ধ কোটি টাকার বিভিন্ন ইলেকট্রনিক্স সামগ্রী ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
আরও পড়ুনঃ মোহনগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
এছাড়া অগ্নিকাণ্ডে পাশ্ববর্তী লিটন মিয়ার মুরগী ও ফিডের দোকান, হাবিবুর রহমান, হাবিল মিয়া, আনোয়ার ও রিয়াজ উদ্দিনের মুরগীর দোকান, রেজাউল করিমের মনোহারী দোকান, হিরন চন্দ্রের মসলা ভাঙ্গানোর মিলে ব্যাপক ক্ষতি হয়েছে।
ইত্তেফাক/নূহু