মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
মহালছড়ি উপজেলার সিঙিনালা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী ও কয়েকটি সংগঠন। মঙ্গলবার সকালে সিঙিনালা বাজারে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়। মানববন্ধনে সংশ্লিষ্ট শিক্ষার্থী ছাড়াও কিশোরী ক্লাব ও স্বপ্নের পাঠশালা, সিঙিনালা শাপলা সংঘ অংশগ্রহণ করেছে। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে দীর্ঘদিন ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে আসছেন। আগেও তার এ ধরনের কার্যকলাপের রেকর্ড ছিল। কিন্তু ভুক্তভোগী শিক্ষার্থীরা এতদিন প্রতিবাদ করতে সাহস পায়নি। এবার ধৈর্য হারিয়ে ফেলায় ছাত্রীটি বাধ্য হয়েই অভিযোগ দিয়েছে। অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জনের যথোপযুক্ত বিচার দাবি করেন বক্তারা।
এ ব্যাপারে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মারমা বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।