ধোবাউড়ায় বাড়ছে গাড়ি ও ট্রান্সফরমার চুরি

ধোবাউড়া (ময়মনসিংহ) সংবাদদাতা

ধোবাউড়ায় হঠাত্ বেড়ে গেছে গাড়ি ও সেচের ট্রান্সফরমার চুরির ঘটনা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, গত দুই মাসে ধোবাউড়ায় কমপক্ষে ১০টি মোটরসাইকেল ও স্বাস্থ্য কর্মকর্তার একটি সরকারি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও কৃষকের প্রায় ১০টি বিদ্যুত্ সেচের ট্রান্সফরমার চুরি হয়েছে। এসব বিষয়ে থানায় অভিযোগ করেও কোনো সুফল পাচ্ছে না বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জানা যায়, গত ১৩ আগস্ট রাতে ঘোষগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি করিম বিশ্বাসের বাড়ি থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। তিনি বলেন, তদন্তকারী কর্মকর্তার কথামতো সন্দেহজনকদের নাম দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে গত বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সরকারি গাড়িটি চুরি হয়ে যায়। এর চার দিন পর রনসিংহপুর গ্রামের স্কুলশিক্ষক সাইদুল খানের গাড়ি চুরি হয়ে যায়। এসব ঘটনায় এখনো কেউ আটক হয়নি।

এ বিষয়ে ধোবাউড়া সরকারি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আ. মোতালেব আকন্দ বলেন, থানায় জিডি করেছি কিন্তু কোনো ব্যবস্থা নেওয়ার বিষয় চোখে পড়েনি। তাই আবার ট্রান্সফরমার ক্রয় করেছি। ট্রান্সফরমার চুরির বিষয়ে পল্লী বিদ্যুত্ সমিতি-৩ ধোবাউড়া জোনাল অফিসের এজিএম আলীমুন রেজা তুহিন বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়ে এ পর্যন্ত অনেক জিডি করা হয়েছে কিন্তু কোনোটারই কোনো ব্যবস্থা চোখে পড়েনি। এ ব্যাপারে ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, চুরি নিয়ন্ত্রণে রয়েছে। যেগুলো চুরি হয়েছে সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।