দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে শেখ হাসিনার বিকল্প নেই :তথ্যমন্ত্রী

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশকে স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ আয়োজিত ‘উন্নয়নের নেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। যে স্বপ্নে আমাদের পূর্বসূরিরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ রচনা করে গেছেন, বিশ্ব মানচিত্রে বাংলাদেশের জন্ম দিয়ে গেছেন, লাল সূর্য খচিত সবুজ পতাকার জন্ম দিয়ে গেছেন, সেই স্বপ্নের বাস্তবায়ন করতে হলে শেখ হাসিনাকে দরকার।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রাম, ধৈর্য্য এবং অসাধারণ গুণাবলির কারণে, সমস্ত প্রতিকূলতার মধ্যেও ধীরস্থির থেকে সিদ্ধান্ত গ্রহণে অসামান্য ক্ষমতার কারণে বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা নিজেই।’

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ডিবিসি২৪ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, দি ডেইলি সান সম্পাদক ও পিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক শফিকুল করিম, সুভাষ চন্দ্র বাদল, মুন্নী সাহা প্রমুখ।

এদিকে গতকাল বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভার আয়োজন করা হয়।   অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় মহিলা সংস্থা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ।

এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদ্যাপন উপলক্ষ্যে নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, মেয়র ডা. সেলিনা হায়াত্ ও অন্য সহযোগী সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে। একই উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে গাজীপুর মহানগর আওয়ামী লীগ, গাজীপুর প্রেসক্লাব, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জেলা যুবলীগ। সোনারগাঁওয়ে আনন্দ শোভাযাত্রা , আলোচনাসভা ও কেককাটা এবং দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। অন্যদিকে  নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর উদ্যোগে আলোচনা, কেক কাটা ও দোয়া মাহফিল হয়। রূপগঞ্জে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন কর্মসূচি পালন করেছে। যার মধ্যে  ছিল প্রধানমন্ত্রীর জীবনী নিয়ে আলোচনা, বৃক্ষরোপণ, চিত্রাঙ্কন, আবৃতি, শোভাযাত্রা ও কেককাটা।

এ ছাড়াও মুন্সীগঞ্জ, সাভার , ঘিওর , নবাবগঞ্জ , সাটুরিয়া, শিবালয়, সিংগাইর , ধামরাই , দৌলতপুর , কালিয়াকৈর, কালীগঞ্জ, কেরানীগঞ্জ, টঙ্গিবাড়ী, সিরাজদিখান, টঙ্গী ও আড়াইহাজারে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করে।