প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল থেকে সারা দেশে ৭৫ লাখ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল দিনব্যাপী ওয়ার্ড, ইউনিয়ন থেকে শুরু করে সিটি করপোরেশন ও শহর জুড়ে সুষ্ঠুভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবীসহ প্রায় ৮০ হাজার লোক অংশ নেন। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে সারা দেশের নির্ধারিত টিকা কেন্দ্রগুলোয় এই কার্যক্রম শুরু হয়ে চলে বেলা ৫টা পর্যন্ত। এরপর যেসব কেন্দ্রে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি সেসব কেন্দ্রে টিকাদান চলমান থাকবে।
এদিকে গতকাল দুপুরে টিকাদান কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করতে ধানমন্ডি ৮/এ, ডিঙি রেস্টুরেন্ট সংলগ্ন টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। তিনি বলেন, অনেকেই নিবন্ধন করে দুই-তিন মাস ধরে এসএমএস পাওয়ার অপেক্ষায় আছেন। তাদের অগ্রাধিকার পাওয়া উচিত, সেই হিসেবে আমরা দিয়েছি। এর ভেতরে যদি কোনো বয়স্ক মানুষ চলে আসে তাদেরও টিকা দেওয়া হবে। তারপর আমরা বয়সসীমা যেটা ২৫ বছর পর্যন্ত আছে, সেটা ধাপে ধাপে কমিয়ে আনব। আশা করছি, এই বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম ভাগে যে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে—তা পূরণ করতে পারব। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।