মাইক্রোসফট ক্লাউড সল্যুউশন দিবে ইজেনারেশন

ক্লাউড সেবার মাধ্যমে ব্যবসায়কে অব্যহত রাখার কৌশল শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে ইজেনারেশন ও মাইক্রোসফট। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই যৌথ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিরাপত্তা ঝুঁকি থেকে কীভাবে ব্যাকআপ ও ডিজাস্টার রিকোভারি সল্যুউশন দ্রুত ব্যবসায়কে চলমান রাখতে সহায়তা করে সেসব বিষয়ে আলোচনা করা হয়, যা যেকোনো ধরনের প্রতিকুলতা এমনকি ব্যবসায়ের বিফলের সম্ভাবনাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষমতা প্রদান করে। দেশের বৃহত্তম বহুমাত্রিক প্রতিষ্ঠানসমূহ এবং সরকারের নীতিনির্ধারক ব্যক্তিগণ গোলটেবিল বৈঠকে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইজেনারেশন লিমিটেডের নির্বাহী ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল ইসলাম। মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ ফারুক ও ইজেনারেশনের অবকাঠামো ও সল্যুউশন বিভাগের প্রধান মো. আরিফুল ইসলাম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইজেনারেশনের অপারেশনস ও সেলস বিভাগের পরিচালক এমরান আবদুল্লাহ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনার্জিপ্যাকের প্রধান তথ্য কর্মকর্তা ওয়াহিদ সাদাত চৌধুরী এবং বসুন্ধরা গ্রুপের প্রধান তথ্য কর্মকর্তা সিফাত জাহান নূর, ডিবিএল গ্রুপ এর চিফ ইনফরমেশন অফিসার খন্দকার জাহিদুল আলম, পেপারফ্লাই এর চিফ ইনফরমেশন অফিসার শাহরিয়ার একরাম, আমীন মোহাম্মদ গ্রুপ এর হেড অফ আইটি মো. শামীম রহমান প্রমুখ। 

ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের বেসরকারি খাত দ্রুততার সাথে অত্যাধুনিক সল্যুউশন গ্রহণ এবং সাশ্রয়ীভাবে ক্লাউড-ভিত্তিক অবকাঠামো ব্যবহার করতে পারবে। বিশ্বব্যাপী বেসরকারি খাতের কোম্পানিগুলো তাদের সেবাকে সামনে এগিয়ে নিতে স্বাভাবিকভাবেই ক্লাউড কম্পিউটিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

বসুন্ধরা গ্রুপের প্রধান তথ্য কর্মকর্তা সিফাত জাহান নূর বলেন, ক্লাউড সেবা ব্যবহার করার কারণে আমার সেবা সক্রিয় ও চলমান রয়েছে। এসএপি এবং অ্যাজিউর এর সমন্বয় না থাকলে আমরা গ্রাহকদের দ্রুততার সাথে সেবা দিতে ও পরিবর্তন সাধন করতে পারতাম না। কিন্তু এই দুই প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের কর্মী ও গ্রাহকদের জন্য সঠিক সমন্বয় স্থাপন করতে পারি এবং ব্যবসায়কে চলমান রাখতে পারি। ইজেনারেশন এবং মাইক্রোসফট আমাদের প্রতিটি বিষয়কে মাথায় রেখেছে, একইসাথে মাইগ্রেশন প্রক্রিয়াকে নিরবিচ্ছিন্ন করেছে।