এএফপি ও আলজাজিরা
উত্তর কোরিয়া দাবি করেছে, তারা নতুন একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। মঙ্গলবার ছোড়া ক্ষেপণাস্ত্রটির নাম তারা দিয়েছে হাসং-৮। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ বুধবার বলেছে, তাদের পঞ্চবার্ষিক সামরিক উন্নয়ন পরিকল্পনার ফসল ‘পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ’ নতুন অস্ত্র পদ্ধতির মধ্যে হাসং-৮ অন্যতম।
নতুন ক্ষেপণাস্ত্রটিকে ‘কৌশলগত অস্ত্র’ বলে অভিহিত করেছে উত্তর কোরিয়া, সাধারণভাবে এর অর্থ দাঁড়ায় এটি পারমাণবিক সক্ষমতাসম্পন্ন। কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও উত্তর কোরিয়ার অস্ত্র প্রযুক্তি যে বেড়ে চলছে মঙ্গলবারের উেক্ষপণ তার আরেকটি ইঙ্গিত। কেসিএনএ বলেছে, ‘এই অস্ত্র-পদ্ধতির উন্নয়ন সবদিক থেকেই জাতির আত্মরক্ষার সক্ষমতা বাড়িয়েছে।’
সর্বশেষ উেক্ষপণের মাধ্যমে চলতি মাসে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। এর আগে তারা নতুন ধরনের একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ট্রেন থেকে উেক্ষপণযোগ্য নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি গতিসম্পন্ন ও ক্ষিপ্র। ফলে এসব ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়া মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য অনেক কঠিন হয়ে পড়ে। এই উেক্ষপণে ‘ক্ষেপণাস্ত্রটির গতিপথ নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা’ নিশ্চিত হয়েছে বলে কেসিএনএর প্রতিবেদনে বলা হয়েছে।