সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত নিয়োগ দিন

সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এনটিআরসিএ-র প্রাথমিক সুপারিশপ্রাপ্ত ৩৮২৬৮ জন শিক্ষক যোগদানের অপেক্ষায় দিন গুনছেন। বেসরকারি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ৫০ হাজারের  বেশি পদে শিক্ষক নিয়োগের জন্য ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ৩৮২৬৮টি পদে প্রাথমিক সুপারিশ করা হয়। দীর্ঘ আড়াই বছরেরও বেশি সময় পর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তবে পুলিশ ভেরিফিকেশন পর্যন্ত আটকে আছে বৃহত্ এই নিয়োগ প্রক্রিয়া। প্রার্থীরা হতাশা ও অনিশ্চিয়তায় দিন পার করছেন। অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লক্ষাধিক শূন্যপদ থাকায় প্রতিষ্ঠান খোলার পরও পাঠদানের ধারাবাহিকতা রক্ষা ও দক্ষতার সঙ্গে পাঠদান করা সম্ভব হচ্ছে না। অনেক প্রতিষ্ঠানে গুরত্বপূর্ণ কিছু বিষয়ে (গণিত, ইংরেজি, বাংলা, আইসিটি ও বিজ্ঞান) শিক্ষক না থাকায় প্রতিষ্ঠানপ্রধানরাও বেশ উদ্বিগ্ন। আর্থিক সামর্থ্য না থাকায় খণ্ডকালীন শিক্ষকও নিয়োগ দিতে পারছে না প্রতিষ্ঠানগুলো।

শিক্ষক নিয়োগের স্বচ্ছ প্রক্রিয়া ও পুলিশ ভেরিফিকেশনের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানিয়ে অনুরোধ করতে চাই—সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দ্রুত যোগদান করার পদক্ষেপ নেওয়া হোক। যোগদান ও পুলিশ ভেরিফিকেশন একসঙ্গেই করা হোক, যদি সেটা সম্ভব হয়। বেকারদের কষ্ট লাঘব ও শিক্ষা সংকট উত্তরণে অতিদ্রুত যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তরুণ শিক্ষকেরা শিক্ষার গুণগত মান রক্ষায় আপ্রাণ চেষ্টা করে যাবো। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা সহযোদ্ধা হিসেবে সম্পৃক্ত হতে দেশ ও জাতির কাছে বদ্ধপরিকর।

মোহাম্মদ শান্ত আহমেদ

এনটিআরসিএ কর্তৃক প্রাথমিক সুপারিশপ্রাপ্ত প্রভাষক, কল্যাণপুর, ঢাকা ১২০৭