বিশ্বনেতাদের ‘অকর্মণ্যতা’ নিয়ে বিদ্রুপ করলেন জলবায়ু কর্মী থুনবার্গ

সুইডিশ কিশোরী জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ মঙ্গলবার মিলানে একটি যুব জলবায়ু সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং যুক্তরাজ্যের বরিস জনসনসহ বিশ্বনেতাদের উপহাস করে বলেন, গত ৩০ বছরে আপনারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যা উপহার দিতে পেরেছেন তা হচ্ছে কেবল ‘ব্লা ব্লা ব্লা’! থুনবার্গ জলবায়ু সংকট নিয়ে বিশ্বনেতাদের ব্যবহূত অভিব্যক্তির পুনরাবৃত্তি করে হাস্যরসাত্মক বক্তব্য রাখেন। তিনি তাদের ফাঁকা শব্দ প্রয়োগ এবং অপূর্ণ প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বাইডেনকে অনুকরণ করে বলেন, ‘যখন আমি জলবায়ু পরিবর্তনের কথা বলি, আপনি কি মনে করেন? আমি চাকরি মনে করি। সবুজ চাকরি। ’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দেওয়া বক্তৃতার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই একটি নিম্ন কার্বন অর্থনীতির দিকে একটি মসৃণ রূপান্তর খুঁজে বের করতে হবে। কোনো প্ল্যানেট বি নেই। কোনো গ্রহ নেই। ব্লা ব্লা ব্লা! এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জনসনকে তার ঠাট্টাপূর্ণ বক্তব্য এনে বলেন,  তিনিও কেবল বিশ্ববাসীকে ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে গেছেন। থুনবার্গ বিশ্বনেতাদের বক্তব্যের কিছু অংশ বলে বারবার ‘ব্লা ব্লা ব্লা’ শব্দগুলো পুনরাবৃত্তি করেন। এতে উপস্থিত দর্শকরা হাসিতে ফেটে পড়েন।

উন্নত দেশগুলোর নেতারা এক দশক আগে উন্নয়নশীল দেশগুলোকে তাদের কার্বন নিঃসারণ কমাতে বলেছিল; কিন্তু তারা নিজেরা তেমন কিছু করেনি। এ কারণে তাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন থুনবার্গ। তিনি বলেন, চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সাহায্য করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল; কিন্তু সেই প্রতিশ্রুতিও ‘ব্লা ব্লা ব্লা’ হিসেবে প্রমাণিত হয়েছে। —সিএনএন