চীনে বিদ্যুৎ সংকট এখন বসতবাড়িতেও

চীনে গত কয়েকদিন ধরেই বড় রকমের বিদ্যুৎ সঙ্কট চলছে। বিশেষ করে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে। বিদ্যুতের যে এরকম ঘাটতি হতে পারে সেবিষয়ে কর্তৃপক্ষের তরফে আগে থেকে কিছু জানানো হয়নি। পরিস্থিতি এমন হয়েছে যে বিদ্যুৎ ঘাটতির কারণে কিছু কিছু এলাকায় হাসপাতাল ও কারাখানার মতো জরুরি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। অনেক বাসা বাড়িতেও এখন বিদ্যুৎ নেই। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

কল কারখানার পাশাপাশি লাখ লাখ মানুষ গত কয়েকদিন ধরে বিদ্যুৎ ছাড়াই বসবাস করছে। লিয়াওনিং, জিলিন এবং হেইলংজিয়াং প্রদেশের বাসিন্দারা সোশাল মিডিয়া ওয়েইবোতে এই সঙ্কটের ব্যাপারে সরব হয়েছেন। তাদের অভিযোগ: বাড়িতে হিটিং চলছে না, ভবনের লিফ্ট বন্ধ, এমনকি রাস্তার ট্রাফিক লাইটও ঠিক মতো কাজ করছে না।

বিশ্বের বৃহত্তম একটি ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্স এই বিদ্যুৎ সঙ্কটের কারণে চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে। চীন বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি। গোল্ডম্যান স্যাক্স বলছে, তারা আশা করেছিল এবছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হবে ৮ দশমিক ২ শতাংশ। কিন্তু এখন তারা বলছে এই হার হবে ৭ দশমিক ৮ শতাংশ। তাদের হিসেবে বলা হচ্ছে এই বিদ্যুৎ সঙ্কটের প্রভাব পড়েছে চীনের ৪৪ শতাংশ শিল্প কারখানায়।

ইত্তেফাক/এসএ