যুক্তরাজ্যে আগামী কয়েক দিনের মধ্যেই সেনাবাহিনীর সদস্যরা জ্বালানি তেল সরবরাহ করতে মাঠে নামবেন বলে জানিয়েছেন দেশটির বাণিজ্যমন্ত্রী কোয়াসি কোয়ারতেং। চলমান পেট্রোল সমস্যার সমাধানের জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত কয়েক দিন ধরে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন এবং কিছু পাম্পে তেল-সংকটের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, দিনগুলো অনেক কঠিন ছিল। যদিও তিনি তেল সরবরাহে সংকটের বিষয়টিকে অস্বীকার করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক থাকার কথা বলেছেন।
জ্বালানি ট্যাংকারের চালক হিসেবে ১৫০ জনের বেশি সেনাসদস্য প্রস্তুত। তবে মাঠ পর্যায়ে সেনা নামতে কয়েক দিন লেগে যেতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই মানুষ সামরিক বাহিনীর কিছু সদস্যকে তেল ট্যাংকারের চালক হিসেবে দেখতে পারবে। এর আগে যুক্তরাজ্যে জ্বালানির সংকট তীব্র আকার ধারণ করে। সংকট দেখা দেওয়ায় আতঙ্কিত হয়ে গাড়িচালকেরা পাম্পগুলোতে ভিড় করতে থাকেন। ফলে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় ১৫০ সামরিক ট্যাংকারও প্রস্তুত রাখা হয়। পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস বলেছিলেন, লোকজন আতঙ্কিত হয়ে জ্বালানি কেনা শুরু করেছে। সংকট কমাতে অস্থায়ী পদক্ষেপ হিসেবে সেনাবাহিনী মোতায়েন করে সরবরাহব্যবস্থা বাড়ানো হবে।