নাটোরে গণপরিবহন বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা

কোনো পূর্বঘোষণা ছাড়াই নাটোরের অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ জেলার বাস মিনিবাস মালিক সমিতি। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোরের অভ্যন্তরীণ রুটের সব ধরনের বাস বন্ধ রয়েছে। তবে ঢাকামুখী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো ঘোষণা ছাড়াই এভাবে অভ্যন্তরীণ যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।  

বগুড়াগামী এক অফিসযাত্রী জানান, অন্তত আগের দিন রাতে জানতে পারলেও তারা বিকল্প উপায়ে অফিস যাওয়ার চিন্তা করতে পারতেন। কিন্তু এখন কিভাবে অফিসে যাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এ ব্যাপারে নাটোর বাস মিনিবাস মালিক সমিতির নেতাদের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসমালিক জানান, সিংড়ায় তাদের গাড়ির লোকজনকে মারধর করার অভিযোগে এই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। কিন্তু বেশিরভাগ মালিকই জানেন না কেন বাস চলাচল করছে না।

সিংড়া বাস মালিক সমিতির সভাপতি হাসান ইমাম জানান, ‘নাটোর বাস মালিক সমিতির অভিযোগ সঠিক নয়, তাদের কোনো কর্মচারীকে মারধর করা হয়নি। রুটে নিয়ম অনুযায়ী গাড়ি না চালানোয় তাদের গাড়ি ফেরত দেওয়া হয়েছে। কাউকে কোনো রকম মারধর করার ঘটনা ঘটেনি।’ 

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘গত কয়েকদিন ধরেই সিংড়া বাস মালিক সমিতির সঙ্গে  নাটোর বাস মিনিবাস মালিক সমিতির ঝামেলা চলছে। আমরা উভয় পক্ষ কে ডেকে দ্রুত সমস্যার সমাধান করবো।’

 ইত্তেফাক/এনই