দৈনিক প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহাবুবুর রহমানকে সপরিবারে হত্যার হুমকির প্রতিবাদে ও জড়িতকে গ্রেফতারের দাবিতে সমাবেশ করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। এই সময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানান। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় নোয়াখালী জেলা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার সিকদার, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউসুফ, দৈনিক যুগান্তরের নোয়াখালী প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী ও ইন্ডিপেন্ডেন্ট টিভির নোয়াখালী প্রতিনিধি আবু নাছের মঞ্জু।
সমাবেশ সঞ্চালনা করেন চ্যানেল টোয়েন্টি ফোরের নোয়াখালী প্রতিনিধি সুমন ভৌমিক।
এ সময় কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, আওয়ামী লীগ নেতা মিথুন ভট্ট ও প্রথম আলোর বন্ধুসভার জেলা সভাপতি মহিউদ্দিন রাতুল বক্তব্য রাখেন। এছাড়া, প্রথম আলোর বন্ধুসভা ও ছাত্র ঐক্যপরিষদ এই কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে।
সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। অন্যথায় পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
এদিকে, জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ‘জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
উল্লেখ্য, বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে একটি অপরিচিত মোবাইলফোন নম্বর থেকে মাহাবুবকে সপরিবারে হত্যা হুমকি দেন অজ্ঞাত এক ব্যক্তি। এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন মাহাবুব।
ইত্তেফাক/এনই