ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, স্টেডিয়াম মাঠ নির্মাণ করে শিক্ষার্থীদের লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায় ফিরিয়ে আনার জন্যই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুক্রবার (১ অক্টোবর) দুপুরে সদরপুর-পিয়াজখালী বিধ্বস্ত সড়ক ও সদরপুর সদরে রাসেল স্টেডিয়াম মাঠ নির্মাণস্থান পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, এছাড়া সদরপুর পিয়াজখালী ৫ কিলোমিটার আঞ্চলিক সড়কটি গত ২/৩ বছর যাবৎ কার্পেটিং উঠে বিধ্বস্ত হয়েছে। মেরামতের জন্য টেন্ডার দেওয়া হলেও দুর্নীতির দায়ে ঠিকাদার জেল-হাজতে যাওয়ায় কাজ বন্ধ। সড়কটিতে যানবাহন চলাচলের জন্য তার নিজস্ব তহবিল থেকে মেরামত করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. মিজানুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
ইত্তেফাক/এমএএম