জেনেভায় গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

বুধবার সুইজারল্যান্ডের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের সঙ্গে বৈঠক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৈঠকে গ্লোবাল ফান্ড থেকে যে সহযোগিতা বাংলাদেশ সরকার পেয়ে থাকে সে বিষয়গুলোর উপর আলোচনা হয়। বৈঠকে কোভিড মোকাবিলায় করণীয় বিষয়াদির পাশাপাশি গ্লোবাল ফান্ডের অর্থ কোভিড-১৯ চিকিৎসাসহ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি উন্নয়নে কিভাবে ব্যবহার করা যাবে সে বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়।

এ সময় গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট টিমের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান মার্ক এলডন, ড. উরবান ওয়েবারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগম, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব কামরুল হাসান, উপসচিব মো. সাদেকুল ইসলাম ও ঢাকার তেজগাঁও হেলথ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মফিজুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।

গত ২৭ সেপ্টেম্বর রাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যুরো মিটিংয়ে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

 

ইত্তেফাক/ইউবি