স্পোর্টস রিপোর্টার
সংযুক্ত আরব আমিরাতের মাটিতে চলছে আইপিএলের দ্বিতীয় পর্ব। টুর্নামেন্টে আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার সুযোগ অবশ্য এখনো পাননি সাকিব। তবে রাজস্থান রয়্যালসে নিয়মিতই খেলছেন মুস্তাফিজ। দলটির পেস আক্রমণে মূল ভরসা তিনি। বল হাতেও দারুণ ধারাবাহিক কাটার মাস্টার। চলতি মাসেই ওমান ও আমিরাতে শুরু হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। আইপিএল খেলায় কন্ডিশন সম্পর্কে আগেই কিছুটা ধারণা পাচ্ছেন সাকিব-মুস্তাফিজ। সতীর্থদের এ অভিজ্ঞতা কাজে লাগাতে মুখিয়ে আছেন নাসুম আহমেদ। বাঁহাতি এ স্পিনার গতকাল বলেছেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। কন্ডিশনটা বুঝতে পারবেন।
বিশ্বকাপের দেশে সাকিব-মুস্তাফিজের অবস্থান, তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে গতকাল নাসুম বলেছেন, ‘অবশ্যই ওরা ঐখানে অনেক দিন যাবত্ আছে। ওখানের উইকেট সম্পর্কে ওদের ভালো ধারণা থাকবে। অবশ্যই এটার জন্য কোনো একটা ধারণা পাব আমরা।’ সাকিবের পাশাপাশি বাংলাদেশ দলে দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে খেলছেন সিলেটের ছেলে নাসুম। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে ঘরের মাঠে তুলনামূলক স্পিননির্ভর উইকেটে ভালো করেছেন তিনি। এখন বিশ্বকাপে রান সহায়ক উইকেটে খেলা হবে। সেখানে মানিয়ে নেওয়ার আশা করছেন ২৬ বছর বয়সি নাসুম। বিশ্বকাপের মঞ্চে নিজেকে মেলে ধরতে চান তিনি। গতকাল বলেছেন, ‘মানিয়ে তো নিতে হবে। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো উপায়ে মানিয়ে নিতে হবে। খেলাও জিততে হবে, ঐরকমভাবে নিজেকে মেলে ধরতে হবে।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচে ৮ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছিলেন তিনি। নিউজিল্যান্ড সিরিজের পর ছুটিতে সিলেটে ছিলেন নাসুম। সেখানেই বোলিং নিয়ে কাজ করেছেন। ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন তিনি।