রাজধানীর পল্লবীতে সাহিনুদ্দিন হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত আরো এক জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃতের নাম মোহাম্মদ তাহের। বৃহস্পতিবার রাতে শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে শাহবাগ এলাকা থেকে তাহেরকে গ্রেফতার করা হয়। সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় অভিযুক্ত ছিলেন তিনি।
প্রসঙ্গত, সাবেক এমপি আওয়ালের আলীনগর প্রজেক্টের কার্যক্রম (বাউন্ডারি গেট ও পিলার) পরিচালনার সময় সাহিনুদ্দিনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাহিনুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুমনকে নির্দেশ দেন আওয়াল। সেই মোতাবেক সুমনের নেতৃত্বে পরিকল্পনা করা হয়। পরিকল্পনা মোতাবেক কার্য সম্পাদনের জন্য ২০ হাজার টাকা দেওয়া হয়। গত ১৬ মে বিকালে সন্ত্রাসীরা জমি নিয়ে বিরোধের বিষয়ে মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
উল্লেখ্য, এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত মামলার পরিপ্র্রেক্ষিতে এজাহার নামীয় ৯ জন ও তদন্তে প্রাপ্ত পাঁচ জনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।