ওয়েব সিরিজের ভাবনায় ইরফান

ক্যারিয়ারে এরইমধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তার বেশিরভাগ নাটকই প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। সেই ধারাবাহিকতায় এবার তিনি অভিনয় করেছেন একটি ওয়েব সিরিজে। ‘আঘাত’ শিরোনামের এই ওয়েব সিরিজটি গত ১ অক্টোবর ভারতীয় ওটিটি প্লাটফর্ম ‘ওয়াচো’তে মুক্তি পেয়েছে। এছাড়া দু-মাস পর জি ফাইফেও নিরিজটি মুক্তি পাবে বলে জানিয়েছেন ইরফান। জায়েদ রিজওয়ানের পরিচালনায় এতে প্রথমবারের মতো ইরফান ও বিপাশা কবির জুটি বেঁধেছেন।

নিজের প্রথম ওয়েব সিরিজ প্রসঙ্গে ইরফান সাজ্জাদ বলেন, ‘সম্পূর্ণ ভিন্নধর্মী একটি গল্পে সিরিজটি নির্মিত হয়েছে। মুক্তির পর থেকেই বেশ সাড়া পাচ্ছি। দর্শকের কাছ থেকে যেভাবে সাড়া পাচ্ছি তাতে আমি তৃপ্ত। তাছাড়া ওটিটি জনপ্রিয়তা পাবে এটা আগেই বুঝেছিলাম। আশা করছি, আগামীতে আরো ভালো ভালো ওয়েব সিরিজ নির্মিত হবে।’

বর্তমানে অনেক নামিদামী তারকাই ওটিটির দিকে ঝুঁকছেন। দেশের অনেক তারকাই এরইমধ্যে প্রশংসিত কাজ উপহার দিয়েছেন। 

সেই জায়গা থেকে ইরফান সাজ্জাদের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘দেশ এবং দেশের বাইরের কয়েকটি প্লাটফর্মের সঙ্গে কথা হয়েছে আমার। তবে এখনো কোনোটাই চূড়ান্তু হয়নি। যদি সবকিছু মিলে যায় তবে সামনে বেশকিছু কাজে হয়তো আমাকে দেখা যাবে।’

এছাড়া নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে তিনি আরো বলেন, ‘অভিনয় পরিকল্পনায় পরিবর্তন আনার চেষ্টা করছি। আগের মতো গড়পড়তা কাজ আর করতে চাই না। প্রতিদিন শুটিং থাকতে হবে এমন চিন্তা আর মাথায় আনতে চাই না। বেছে বেছে দর্শকদের ভালো লাগার মতো গল্পগুলোতে কাজ করতে চাই।’ এদিকে ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও এর আগে দেখা মিলেছে ইরফানের। কিন্তু সেভাবে এই মাধ্যমটিতে সরব হতে দেখা যায়নি তাকে।

এ নিয়ে তিনি আরো বলেন, ‘আসলে ক্যারিয়ারের শুরুর সময় নিজেকে প্রস্তুত না করেই ছবিতে অভিনয় করেছিলাম। তখন নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল না। তাই বিরতি নিয়েছিলাম। তবে হ্যাঁ, এখন মনে হয় ভালো কাজ করতে পারব। মনপুরা, আয়নাবাজির মতো সিনেমায় অভিনয় করার ইচ্ছে আছে। তেমন সিনেমা করতে পারব কি-না জানি না! তবে সিনেমা নিয়ে অনেকের সঙ্গে কথা হয়েছে। আগামী বছর সিনেমার কাজ শুরু করবো।’

ইত্তেফাক/বিএএফ