আক্কেলপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উত্সব দুর্গাপূজা সামনে রেখে আক্কেলপুরে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আগামী ৬ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে মা দুর্গার আগমন এবং ১১ অক্টোবর ষষ্ঠী পূজা দিয়ে শুরু হবে দুর্গাপূজার উত্সব। ইতিমধ্যেই অধিকাংশ প্রতিমার বাঁশ-কাঠের ওপর মাটির প্রলেপ দিয়ে মূল কাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। এখন চলছে রং তুলির আঁচড়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করার কাজ। আক্কেলপুর পৌর শহরের নবাবগঞ্জ পারঘাটি কেন্দ্রীয় দুর্গা মন্দিরে কাজ করছেন নওগাঁর বদলগাছী ইউনিয়নের ভান্ডারপুর গ্রামের প্রদীপ কুমার মালাকর। প্রতিমা শিল্পী প্রদীপ মালাকর বলেন, করোনা ভাইরাসের মধ্যেও এ বছর তিনি বিভিন্ন এলাকায় ২১টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ নিয়েছেন। আকারভেদে প্রতিটি প্রতিমার পারিশ্রমিক নিচ্ছেন ২০ থেকে ৩০ হাজার টাকা। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাজেন্দ প্রসাদ আগরওয়ালা বলেন, উপজেলায় মোট ৩৮টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পাশাপাশি মন্দির কমিটির পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবক থাকবে।