ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভৈরবে একটি মেইল ট্রেনের চাকা লাইনচ্যুত হওয়ায় দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা-কিশোরগঞ্জ ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. নুরুন্নবী বলেন, শনিবার সকাল ৭টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে নাসিরাবাদ এক্সপ্রেস মেইল ট্রেন ময়মনসিংহ থেকে ছেড়ে আসে। দুপুর ১টার দিকে ভৈরবের আগের স্টেশন কুলিয়ারচরে যাত্রাবিরতি দেয়। কিছুক্ষণ পর কুলিয়ারচর স্টেশন থেকে ছেড়ে আসে। দুপুর ১টা ৩০ মিনিটে ট্রেনটি ভৈরব স্টেশনের আউটার পয়েন্টে প্রবেশ করে। এ সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে আটকা পড়ে। আরো কয়েকটি স্টেশনে লোকাল ও মেইল ট্রেন থামিয়ে রাখা হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালালে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এদিকে এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।