ইত্তেফাক রিপোর্ট
আসন্ন মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গতকাল শনিবার উত্তরা ৪ নম্বর সেক্টর এলাকায় এডিস মশা ও ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি নগরবাসীর সহযোগিতা চান।
আতিকুল ইসলাম বলেন, এডিস মশার প্রাদুর্ভাব, ডেঙ্গু মোকাবিলায় আমরা নিয়মিত কার্যক্রম পরিচালনা করেছি। আমাদের জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে ফলে ডেঙ্গু অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আরেকটি চ্যালেঞ্জ আসছে আর সেটা হলো, কিউলেক্স মশা। এজন্য আমরা আরেকটি অভিযান শুরু করব। কিউলেক্স মশা নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, নিজেদের বাসাবাড়ি কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলের টব, অব্যবহূত টায়ার, ডাবের খোসা, বিভিন্ন ধরনের খোলা প্যাকেট বা পাত্র, ছাদ কিংবা অন্য কিছুতে যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।