ঢাবি ‘খ’ ইউনিটের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষাও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহরে পরীক্ষা হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার সারা দেশে একযোগে বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়। দুপুর সাড়ে ১২টায় শেষ হয় পরীক্ষা। এদিন কারাগার থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন ভর্তিচ্ছু এক শিক্ষার্থী। সারা দেশে ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ পরীক্ষা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

‘খ’ ইউনিটে এবার ২ হাজার ৩৭৮ আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ৪৭ হাজার ৬৩২ জন (প্রতি আসনের জন্য ২০ জন)। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর বাইরের মোট ৬৮টি কেন্দ্রে শনিবার ‘খ’ ইউনিটের পরীক্ষা হয়। সকালে উপাচার্য মো. আখতারুজ্জামান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদস্থ ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের কলাভবনসহ ঢাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। কলাভবন কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য সাংবাদিকদের বলেন, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

কারাগারে থেকে পরীক্ষা

এদিকে কাশিমপুর কারাগারে থাকা একজন শিক্ষার্থী ‘খ’ ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘একজন শিক্ষার্থী কারাগার থেকে পরীক্ষা দিয়েছেন। বিভিন্ন অভিযোগে কারাগারে থাকা ঐ শিক্ষার্থীর পরীক্ষা নিতে বিজ্ঞ আদালতের আদেশবিষয়ক একটি চিঠি আমরা কারা কর্তৃপক্ষের মাধ্যমে পাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কার্যালয়গুলো সমন্বয় করে যথাসময়ে তার পরীক্ষা নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক ও একজন কর্মকর্তা কারাগারে গিয়ে যথানিয়মে ভর্তিচ্ছু ঐ শিক্ষার্থীর পরীক্ষা নিয়েছেন।’

ঢাবিতে অভিভাবকদের ভোগান্তি

সন্তানদের নিয়ে এসে ভোগান্তিতে পড়েছেন অভিভাবকেরা। ওয়াশরুম, টয়লেট ও সুপেয় পানির অভাবে এমন ভোগান্তির অভিযোগ করেছেন তারা। শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করিয়ে দেওয়ার পর অভিভাবকেরা দেড় ঘণ্টা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করেন। তবে এই সময়কালে অভিভাবকদের জন্য কোনো ধরনের সুবিধার ব্যবস্থা করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

চবিতে ৮৬ ও শাবিতে ৮৪ শতাংশ উপস্থিতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় উপস্থিতির হার ৮৬ শতাংশ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপস্থিতির হার ৮৪ শতাংশ। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে নিজ নিজ কেন্দ্রের সমন্বয়কারীগণ এ তথ্য জানান।