তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ শিক্ষার্থীর মৃত্যু

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর তেজগাঁওয়ে পূর্ব তেজতুরী বাজার এলাকার ছয়তলা একটি ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দুই শিক্ষার্থীর মধ্যে এক জন মারা গেছেন। তার নাম জিতু হাসান (২৮)। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। দগ্ধ অপর জন ইয়াসিনের অবস্থাও আশঙ্কাজনক। তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে। এর আগে রাত ৮টার দিকে ঐ ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে বিস্ফোরণের উত্স সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ বলছে, বাসাটির জানালার সঙ্গে পাশের ভবনের ছাদ লাগায়ো থাকায় কখনো জানালা খোলা হতো না। এতেই রুমের ভেতরে মিথেন গ্যাসের চেম্বার তৈরি হয়। পরে আগুনের সংস্পর্শ পেয়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঐ বাসা থেকে আটককৃত নুরুল কবির ও আসাদুজ্জামান পুলিশের জিজ্ঞাসাবাদে আগেও রুমটিতে গ্যাসের গন্ধ পাওয়ার তথ্য জানিয়েছেন। একই রকম তথ্য জানিয়েছেন বিস্ফোরণ ঘটা রুমের বাসিন্দা মোহাম্মদ আলী বকর।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জিতুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, মৃত জিতুর শরীরে ৬৪ শতাংশ দগ্ধ হয়েছিল। তার শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। দগ্ধ অপর জন ইয়াসিনের অবস্থাও আশঙ্কাজনক।

মৃতের ভগ্নীপতি মো. গিয়াস উদ্দিন জানান, জিতুর বাড়ি পাবনার আতাইকুলা উপজেলায়। অবিবাহিত জিতু সরকারি বাঙলা কলেজ থেকে মাস্টার্স শেষ করে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তিন ভাই তিন বোনের মধ্যে জিতু ছিলেন দ্বিতীয়। ঐ বাসায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইএমবিএ করার পাশাপাশি টিউশনি করাতেন জিতু হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাসাটির যে রুমে বিস্ফোরণ ঘটেছে ঐ রুমে থাকতেন নিহত জিতু ও মোহাম্মদ আলী বকর নামে এক ব্যক্তি। শুক্রবার রাতে জিতু সিগারেট জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এ সময় ইয়াসিন দরজার সামনে থাকায়  দগ্ধ হন। জিতুর রুমমেট বকর বাসায় না থাকায় তার কিছু হয়নি।

এ বিষয়ে তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, নাশকতা নয়, মিথেন গ্যাস থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। গ্যাসের উত্স কোথায় জানতে চাইলে তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের ভবনের কোনো লিকেজ থেকে সেখানে গ্যাস জমা হয়েছিল। বিস্ফোরণের পর ঐ বাসা থেকে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট, সিআইডি ও র্যাব বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।