লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সোমবার (৪ অক্টোবর) রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে।
মা ইলিশের প্রজনন নিরাপদ করার জন্য বিগত কয়েক বছরের মতো এবারও আশ্বিনের পূর্ণিমা উপলক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর।
এ সময়ে দেশে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ পুরোপুরি নিষিদ্ধ। এ আদেশ অমান্য করলে অভিযুক্তদের সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। এ নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবহিতকরণ সভা ও মাইকিংসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণার মাধ্যমে এ ব্যাপারে জেলেদের সতর্ক করা হয়েছে।
নিষেধাজ্ঞার সময়ে রায়পুরের ৪ হাজার ৩২৬ জন জেলেকে সরকারিভাবে বিনামূল্যে চাল দেওয়া হবে। কিন্তু রায়পুরে প্রায় ১০ হাজার জেলে রয়েছে। এর মধ্যে প্রায় ৩ হাজার জেলের কার্ড রয়েছে। কার্ড থাকা সত্ত্বেও প্রায় ৩ হাজার জেলে সরকারি সহায়তা পান না। দাদন ও আড়তদারদের থেকে ঋণ তাদের পুঁজি। এ কারণে নিষেধাজ্ঞা অমান্য করে তাদেরকে বাধ্য হয়ে নদীতে নামতে হয়। নদীতে না নামলেও নিষেধাজ্ঞাকালীন তাদেরকে অলস সময় কাটাতে হয়। ধারদেনা করে চালাতে হয় সংসার।
রায়পুর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, জেলেদের সচেতনতা বৃদ্ধিতে অবহিতকরণ সভা, মাইকিং, ব্যানার ও লিফলেট বিতরণ করা হয়েছে। আইন বাস্তবায়নে মৎস্য বিভাগের পাশাপাশি উপজেলা প্রশাসন, ইউনিয়ন পরিষদ, র্যাব, পুলিশ, বিজিবি ও কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে অভিযুক্তদের সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড অথবা জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।
ইত্তেফাক/এএএম