পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের শাসনক্ষমতায় থাকা তালেবানকে আজ হোক বা কাল হোক, যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দিতেই হবে। শনিবার একটি তুর্কি টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে প্রধানমন্ত্রী ইমরান খান যুক্তরাষ্ট্রের কাছে থাকা তহবিলও ছাড়ের আহ্বান জানান। খবর আলজাজিরার
প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবান নেওয়ার পর যুক্তরাষ্ট্র এখনো হয়তো সন্দেহের মধ্যে আছে। দেশটি আঘাত পেয়েছে। আমেরিকানরা যুক্তরাষ্ট্র সমর্থিত সরকারের পতনের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করছেন। এটা ভালো নয়। কারণ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের আফগানিস্তান ছাড়ার জন্য তালেবানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তিনি আফগানিস্তানের অর্থ ছাড় করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। না হলে দেশটিতে অরাজকতা ছড়িয়ে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে একটা সমাধানে আসতে হবে। ইমরান খান আশঙ্কা প্রকাশ করেন, আফগানিস্তানে একটা মানবিক সংকট তৈরি হতে পারে, যার প্রভাব পড়তে পারে প্রতিবেশী দেশ পাকিস্তানের ওপরও। ইতিমধ্যে পাকিস্তানে ৩৫ লাখের মতো আফগান শরণার্থী রয়েছে। তিনি তালেবানপন্থি কি না—এমন এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, ‘আমি সামরিক ব্যবস্থার বিরুদ্ধে, শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চাই।’ ইমরান খান বলেন, পাকিস্তান একা স্বীকৃতি দিলে তা বড় ধরনের পার্থক্য তৈরি করবে না। বরং যৌথভাবে স্বীকৃতি দিলে একটা ভালো সমাধান আসবে।