বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণা নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন। তবে এ ব্যাপারে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় স্থানীয় খুঁজিপুর বাজারে এক চায়ের দোকানে বসেছিলেন উপজেলার আউচপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণাকারী আওয়ামী লীগের দুই নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আলামিন বিশ্বাস। এ সময় কয়েক জন যুবক তাকে ঘিরে ধরে কেন তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন এমন প্রশ্ন তুলে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাকে বেধড়ক পিটুনি ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে অচেতন অবস্থায় ফেলে চলে যান তারা। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজে হাসপাতালে ভর্তি করে। বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহাম্মদের নির্দেশে তার লোকজন এই হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
তবে চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ মুঠোফোনে এ অভিযোগ অস্বীকার করে বলেন, শনিবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি শালিসি বৈঠক চলার সময় হঠাত্ করে আল আমিন হাতে ধারালো অস্ত্র নিয়ে পরিষদে উপস্থিত হন। ঐ সময় বাহার আলী নামের এক ইউপি সদস্যের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে চেয়ারম্যানকে হত্যার উদ্দেশ্যে হামলা চালান আল আমিন। চেয়ারম্যানকে বাঁচাতে আল আমিনের ছুরিকাঘাতের শিকার হয়ে আহত হয় পাঁচ জন। পরে উত্তেজিত জনতার হাতে আহত হয় আল আমিন বিশ্বাস।