সারা দেশে নয়, শুধু সিটি করপোরেশন এলাকায় ১২ বছরের অধিক বয়সি শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
তিনি গতকাল রবিবার বিকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে আমাদের আলোচনা চলছে। যাদের বয়স ১২ বছরের বেশি, তাদেরকে একটি টিকা দেওয়ার সুযোগ রয়েছে। সেটিও যে কোনো জায়গায় দেওয়া যাবে না। তারও কিছু কারিগরি সহায়তার বিষয় রয়েছে। হয়তো শুধু সিটি করপোরেশন এলাকার শিক্ষার্থীদের সেই টিকা দেওয়া সম্ভব হবে। টিকা কখন, কীভাবে দেওয়া শুরু করতে পারব, তা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে কথাবার্তা চলছে।
এর পরে সার্কিট হাউজ মিলনায়তনে চাঁদপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব-উল-আলম হানিফ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. দীপু মনি। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।