প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় স্থগিত করা পাঁচটি ইউপির নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান ভোটগ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।

ইউপিগুলো হলো—খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী, বাগেরহাটের মোরেলগঞ্জের খাউলিয়া, কচুয়া উপজেলার কচুয়া সদর ও রামপালের রাজনগর এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়ন।

চেয়ারম্যান পদে ইতিপূর্বে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে দাখিলের প্রয়োজন হবে না। সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে আগের মনোনয়নপত্রগুলোই বহাল থাকবে।

আগামী ২ নভেম্বর ১০টি পৌরসভার সাধারণ নির্বাচন, সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচনও অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে ৩৬৪টি ইউপির ভোট হয়েছে। দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর দেশের ৮৪৮টি ইউপির ভোট হবে। বাকি প্রায় সাড়ে ৩ হাজার ইউপির ভোট ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় ইসি।