ফিলিপাইনে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন দুতের্তের কন্যা

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের কন্যা সারা দুতের্তে কার্পিও আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করবেন। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট দুতের্তে। যদিও এর একদিন আগে তিনি আকস্মিকভাবে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। যদিও এর আগে তার মেয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের বিষয়টি নাকচ করে দিয়েছিলেন। দুতের্তের দীর্ঘদিনের সহযোগী ক্রিস্তোফার ‘বং’ গো, যিনি ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন, কার্পিওর রানিং মেট হতে পারেন বলে এবিএস-সিবিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে। সারা কার্পিও এখন দেশটির তৃতীয় বৃহত্তম শহর দাভাও এর মেয়র। মেয়র হিসেবে পুননির্বাচনের জন্য শনিবার তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন। দুতের্তে এক সাংবাদিককে দেওয়া সাক্ষাত্কারে তার মেয়ের প্রার্থিতার বিষয়টি উল্লেখ করেন। -রয়টার্স