চাঁপাইনবাবগঞ্জে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ধর্ষণ মামলায় চাঁপাইনবাবগঞ্জে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এই রায় দেন। 

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যুবক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তী ইউনিয়নের রানীবাড়ী গ্রামের আব্দুল লতিবের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সেন্টু ও মামলার বিবরণীতে জানা গেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী গ্রামের জনৈক যুবতীকে (২৩) প্রায় ১ বছর ধর্ষণ করে এবং বিয়ে না করে প্রতারণা করে। শেষে ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করে ধর্ষিতা নিজেই। প্রায় ৩ বছরের মাথায় দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক, ধর্ষক আনোয়ার হোসেনের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। মামলায় বাদি পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী নুরুল ইসলাম সেন্টু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন সিনিয়র আইনজীবী মো. আব্দুল ওয়াদুদ।

ইত্তেফাক/এমএএম