রংপুরে ভারী বৃষ্টি নগরীর ৫০ মহল্লা পানিবন্দি

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে গত রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে নগরীর ৫০টি মহল্লায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। বাড়িঘরে পানি ঢুকে অন্তত ১ লাখ মানুষ বন্দি হয়ে পড়েছে। নগরীর বেশির ভাগ রাস্তা তলিয়ে যাওয়ায় যাতায়াত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। গত এক রাতের অবিরাম বৃষ্টিতে রাস্তাঘাট, অলিগলি, বাড়িতে ঢুকে পড়েছে পানি। নগরীর  শ্যামা সুন্দরী ও কেডি ক্যানেলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে আছে বেশ কিছু ব্যস্ততম সড়ক ও নিম্নাঞ্চল। একই অবস্থা শহর থেকে একটু দূরের গ্রামগুলোতে। রংপুর আবহাওয়া অফিস বলছে, ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৯ থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রংপুরে ২৬৫ মিলিমিটার। এর মধ্যে শুধু রাতের সাত ঘণ্টায় জেলায় ২২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত বছরের ২৭ সেপ্টেম্বর ৩৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। যা ছিল ১০০ বছরের রেকর্ড ভাঙা বৃষ্টিপাত।

নগরীর জুম্মাপাড়া, আদর্শপাড়া, কামারপাড়া, বাবুখাঁ, কামাল কাছনা, লালবাগ, মাহিগঞ্জ, বোতলা, মুলাটোল, মুন্সিপাড়া, গোমস্তপাড়া, খলিফাপাড়া, নগর মীরগঞ্জ, হোসেন বাজার, সর্দারপাড়া, মাষ্টারপাড়া, ঈদগাহপাড়াসহ অন্তত ৫০টির মতো পাড়া-মহল্লায় বৃষ্টির পানি আটকে আছে। নগরীর সেনপাড়া এলাকার মেজবাহুল মোকাররবিন জানান, রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে তার বাড়িসংলগ্ন শ্যামা সুন্দরী এখন পানিতে টইটুম্বর। মুন্সিপাড়ার বাসিন্দা জোহরা বেগম ও সালমা জানান, বাড়ির ভেতরে পানি প্রবেশ করায় আসবাবপত্রসহ বেশির ভাগ মালামাল নষ্ট হয়ে গেছে। রান্নাঘরের মধ্যে হাঁটুপানি থাকায় গ্যাসের চুলা তলিয়ে গেছে। ফলে অনেকটা না খেয়ে দিন কাটছে তাদের। নগরীর বাবুখাঁ এলাকার আহসান হাবিব মিলন জানান, পানি নিষ্কাশনের জন্য এখনো পর্যাপ্ত ড্রেন তৈরি হয়নি। পাড়া-মহল্লার ছোট ছোট খালগুলো ভরাট আর দখলদারিত্বের কবলে পড়ায় বৃষ্টি হলে জলাবদ্ধতা অনিবার্য হয়ে উঠেছে। সামান্য বৃষ্টি হলেই বাড়ির আশপাশসহ নগরীর অধিকাংশ নিচু এলাকাতে জলাবদ্ধতা হচ্ছে বলে তিনি জানান।

জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, এরকম বৃষ্টিতো গত বছরও হয়েছিল। তবে গত বছরের ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়নি। ক্যানেল পরিষ্কার থাকায় পানি নেমে যাচ্ছে। এখন পর্যন্ত যেসব এলাকায় পানি উঠেছে তা নিচু এলাকা। আমরা সংশ্লিষ্ট এলাকার কাউন্সিলরদের নির্দেশ দিয়েছি যাতে পানিবন্দি মানুষজনকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়। মঙ্গলবার বিকাল পর্যন্ত এ ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।