শিক্ষার মানোন্নয়নে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, শিক্ষা সার্ভিস কমিশন ও ব্যবস্থাপনা কমিটি বিলুপ্তি করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষাঙ্গনে দলাদলি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রতিযোগিতা দূর করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে গভর্নিংবডি/ম্যানেজিং কমিটি প্রথা বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার অনুরূপ নিয়মনীতি প্রবর্তন করতে হবে।
সম্মেলনে আরো বলা হয়, শিক্ষকদের ন্যায্য অধিকার ও মর্যাদা চরমভাবে উপেক্ষিত। আমাদের শিক্ষাব্যবস্থার ৯৫ শতাংশই পরিচালনা করেন বেসরকারি শিক্ষকরা। একটি স্বাধীন দেশের জন্য বেসরকারি শিক্ষকতার অবস্থা অত্যন্ত লজ্জাজনক। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরেও চলমান ধারাবাহিকতায় বাংলাদেশে সরকারি ও বেসরকারি দুটি ধারায় বৈষম্য সৃষ্টি করছে। দেশে কোনোক্রমেই এ ধরনের বৈষম্য থাকা উচিত নয়। এসব সমস্যা সমাধানে ৯টি দাবি তুলেছেন তারা।
দাবিগুলো মধ্যে রয়েছে—সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অনুরূপ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন, বার্ষিক ইনক্রিমেন্ট ও অন্যান্য ভাতা দেওয়া, সরকারি কলেজের অনুরূপ পদ্ধতিতে সমযোগ্যতা ও সম-অভিজ্ঞতাসম্পন্ন বেসরকারি কলেজের শিক্ষকদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদে পদোন্নতি, উচ্চতর ডিগ্রির জন্য উচ্চতর বেতন স্কেল দেওয়া। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অনুরূপ বেসরকারি শিক্ষাব্যবস্থায় বদলি প্রথা চালু করা প্রভৃতি।
সংবাদ সম্মেলনে বাকশিস সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল হান্নান, বাকশিসের মহা-সম্পাদক (ভারপ্রাপ্ত) ড. এ কে এম আব্দুল্লাহ, বিপিসির সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।