দেড় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে মুন্সীগঞ্জের শিমুলিয়া ও মাদারীপুরের বাংলাবাজার নৌ-রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাট থেকে অর্ধশতাধিক যানবাহন নিয়ে পরীক্ষামূলক মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে মাদারীপুরের বাংলাবাজারের উদ্দ্যেশ্যে ছেড়ে যায় ফেরি কুঞ্জলতা। এতে দক্ষিণাঞ্চলের মানুষের দুর্ভোগ অনেকটা কমে আসবে। প্রচণ্ড স্রোতে পদ্মা সেতুর পিলারে বারবার ধাক্কার ঘটনায় শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে গত ১৮ আগস্ট থেকে ফেরি চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি। ফেরি বন্ধ থাকায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। পরবর্তীকালে পদ্মা সেতু এড়িয়ে বাংলাবাজার ঘাটের পরিবর্তে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাট স্থাপন করে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে সচল করার উদ্যোগ নেওয়া হয়। সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়। কিন্তু নাব্য সংকটের কারণে এ রুটটিও সচল করা সম্ভব হয়নি। পরবর্তীকালে আবারও শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুট সচল করা হলো। দীর্ঘ ৪৭ দিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ঐ অঞ্চলের মানুষের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। অনেকে প্রচণ্ড সে াতে লঞ্চে ও ইঞ্জিনচালিত ট্রলারে ঝুঁকি নিয়ে পদ্মা নদী পারাপার হচ্ছিল। ফেরি সচল হওয়ায় মানুষের সমস্যার অবসান হলো।
বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম বলেন, শিমুলিয়া-বাংলাবাজার রুটে পরীক্ষামূলক ফেরি চলাচল সচল করা হয়েছে। কোনো সমস্যা না হলে স্বাভাবিক ফেরি চলাচলের সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা জানান, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের অন্যতম প্রবেশদার গোয়ালন্দের দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে পদ্মার পানি কমে গিয়ে নাব্যসংকট সৃষ্টি হয়েছে। এতে ফেরি পারাপারে সমস্যা হচ্ছে। অন্যদিকে এই নৌ-রুটের বহরে ২০টি ফেরি থাকলেও এর মধ্যে তিনটি রো রো ফেরি বিকল হয়ে মেরামতের জন্য ভাসমান কারখানায় রয়েছে। দৌলতদিয়ায় সাতটি ফেরি ঘাটের তিনটি বন্ধ থাকায় চারটি ঘাট দিয়ে ফেরিতে যানবাহন উঠানামা করছে। এছাড়া বাংলাবাজার-শিমুলিয়া ফেরিঘাটে ফেরি পারাপার ব্যাহত হওয়ায় ঐ রুটের যানবাহনও দৌলতদিয়া পাটুরিয়া দিয়ে পারপার হচ্ছে। যে কারণে সোমবার সকাল থেকে শুরু হয় যানজট। এতে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া খুলনা মহাসড়কের ওয়াজেদ চৌধুরী কারিগরি কলেজ পর্যন্ত ৪ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ৬০০ গাড়ি পারাপারের অপেক্ষায় দেখা যায়। ঘাট সংশ্লিষ্টরা জানান, পদ্মার পানি দ্রুত কমতে থাকায় ফেরি চলাচলের চ্যানেলের মধ্যে ডুবোচরের সৃষ্টি হয়েছে। এতে স্বাভাবিকের তুলনায় বেশি সময় লাগছে।
বিআইডব্লিউটিসির উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো.জিল্লুর রহমান বলেন, শিমুলিয়া কাঁঠালবাড়ী নৌরুটের বাড়তি যানবাহনের চাপ থাকায় ঘাট এলাকায় যানবাহনের লম্বা সারি তৈরি হচ্ছে। এই নৌরুটের বহরে বর্তমানে ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এছাড়া তিনি আরো বলেন, দৌলতদিয়া ফেরিঘাট ও পন্টুনে সংকট রয়েছে।