নাগরিকত্ব বিল পাশের প্রতিবাদে মরণোত্তর ভারতরত্ন সম্মান গ্রহণ না করার ঘোষণা দিয়েছে প্রখ্যাত গায়ক ভূপেন হাজারিকার পরিবার। আসামের একটি দৈনিকে ভূপেন হাজারিকার ছেলে তেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভূপেনপুত্র বলেন, ‘আমি আসামের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ওয়াকিফহাল। সুধাকণ্ঠ ভূপেন হাজারিকা সবসময়ই অসমের মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং লড়াই আন্দোলন করেছেন। আমরা তাই এই সম্মান গ্রহণ করতে অস্বীকার করছি। পুত্র হিসেবে আমি জানাচ্ছি, ভারত সরকার তাকে যে মরণোত্তর সম্মান প্রদান করতে চাইছে আমরা তা গ্রহণ করব না।’
আরও পড়ুন : গোপীবাগে বন্দুকযুদ্ধে ‘ডাকাত সদস্য’ নিহত
সম্প্রতি, ভূপেন হাজারিকাসহ সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও সমাজকর্মী নানাজি দেশমুখকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার কথা জানিয়েছে দেশটির সরকার। প্রজাতন্ত্র দিবসেই সেই সম্মান তুলে দেওয়া হবে জানানো হয়েছে।
এরই মধ্যে নাগরিকত্ব বিলের প্রতিবাদে ভারত সরকারের দেওয়া মরণোত্তর ভারতরত্ন সম্মান গ্রহণ করবে না বলে জানাল ভূপেন হাজারিকার পরিবার।
ইত্তেফাক/কেআই