করোনার মধ্যেও জিডিপি ৫ ধরে রাখতে পেরেছি: নৌপ্রতিমন্ত্রী

অসাম্প্রদায়িক চেতনা ধারণ করার কারণে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘করোনা মহামারীর মধ্যেও আমরা জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) ৫ ভাগ ধরে রাখতে পেরেছি। অথচ, পৃথিবীর অধিকাংশ দেশই তাদের জিডিপি ধরে রাখতে পারেনি।  

মঙ্গলবার ( ৫ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব  উপলক্ষে দিনাজপুর জেলার বিরল উপজেলার পূজা কমিটিগুলোর সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। 

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন ঋণ দেয়। বাংলাদেশ এখন বিভিন্ন দেশে মঞ্জুরি দেয়। সেই সক্ষমতা বাংলাদেশের হয়ে গেছে। এটা সম্ভব হয়েছে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা লালন করার জন্য।’ 

সব ধর্মের মানুষ এখন সাহসিকতার সঙ্গে বসবাস করছে মন্তব্য করে নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরের পর স্বাধীনতাবিরোধী চক্র সাম্প্রদায়িকতা দিয়ে দেশকে বিভক্ত করতে চেয়েছিল। প্রকৃতপক্ষে তারা বাংলাদেশকে ব্যর্থ করতে চেয়েছিল। যারা সাম্প্রদায়িকতা দিয়ে আমাদের শাসন-শোষণ করতে চেয়েছিল, তারা আমাদের মুক্তিযুদ্ধকে অপমাণিত করতে চেয়েছিল। তারা আমাদের গর্ব ও অহঙ্কারের জায়গা মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছিল। আজ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ পরিচালিত হচ্ছে।’

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে যেই ভয়-ভীতি নিয়ে দুর্গা পূজা উদযাপিত হতো, এখন সেই ভয়-ভীতি নেই। কারণ যারা ভয়-ভীতি দেখাতো, এসব অপকর্ম করতো, তাদের নির্মূল করতে সক্ষম হয়েছি।’ 

 প্রতিমন্ত্রী এইদিন উপজেলার ৯৪টি মণ্ডপের প্রতিটিতে ১৫ হাজার টাকা, শাড়ি ও ধুতি উপহার দেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।  

ইত্তেফাক/এনই