পাকিস্তান ক্রিকেটের বিতর্কিত ও বর্ণিল চরিত্রের নাম উমর আকমল। তাকে নিয়ে আলোচনা প্রায় সময়ই লেগে থাকে। আরও একবার আলোচনায় আসলেন তিনি। তবে এবার দেশ ছাড়া নিয়ে। যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগে খেলতে পাকিস্তান ছেড়ে ইতিমধ্যে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন এই তারকা ক্রিকেটার।
২০২৮ অলিম্পিককে সামনে রেখে ক্রিকেট নিয়ে কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সে জন্য বিভিন্ন দেশ থেকে ক্রিকেটারদের নিয়ে আসছে তারা। এরই মধ্যে ভারতের হয়ে যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক উন্মুখ চাঁদ এবং শ্রীলঙ্কা জাতীয় দল থেকে নিষিদ্ধ হওয়া দুই ক্রিকেটার মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছেন। এছাড়া অন্যান্য দেশ থেকেও ক্রিকেটাররা সেখানে চলে যাচ্ছেন। এবার সেই তালিকায় বড় নাম হিসেবেই যুক্ত হয়েছেন উমর আকমল।
কিছুদিন আগেই নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছেন তিনি। কিন্তু পাকিস্তান ক্রিকেটে নিজের ভবিষ্যৎ আর দেখতে পাচ্ছেন না। তাই যুক্তরাষ্ট্রে থিতু হওয়ার চিন্তা করছেন বলে জানা গেছে।
২০২০ সালে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলার সময় দুর্নীতিবিরোধী নিয়ম ভাঙার দায়ে বড় শাস্তি পেয়েছিলেন উমর আকমল। দু'বার আপিল করে সেটি কমিয়ে আনলেও ক্যারিয়ার পুনর্জীবিত করতে পারেননি। পুনর্বাসন প্রক্রিয়া শেষে পাঞ্জাব কেন্দ্রীয় দলের দ্বিতীয় একাদশের হয়ে মাঠে নামেন। পাঁচ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৬৬। ফলে দেশটির শীর্ষ পর্যায়ে খেলা এখন তার জন্য প্রায় অকল্পনীয়। পিসিবিও তাকে সুযোগ দিচ্ছে চাচ্ছে না বলেই মনে হয়।
ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করেছে যুক্তরাষ্ট্র। তবে আকমল শুরুতেই সেদিকে না গিয়ে নর্দার্ন ক্যালিফোর্নিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি করেছেন। ইএসপিএনক্রিকইনফোর কাছে তথ্যটি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্যরা।
ইত্তেফাক/টিএ