টেকনাফে ৬ রোহিঙ্গা উদ্ধার, ৫ দালাল আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে ৬ জন রোহিঙ্গা নাগরিক উদ্ধার ও সন্দেহভাজন ৫ দালালকে আটক করেছে।

 

মঙ্গলবার ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের হাবিলদার মো. তাজুল ইসলামের নেতৃত্বে একটি দল মহেশখালীয়া পাড়ায় অভিযান চালায়। এ সময় নৌকায় উঠার সময় এক দালাল ও চার রোহিঙ্গা নাগরিককে আটক করে বিজিবি।

 

অন্যদিকে সদর ব্যাটালিয়নের টহল দল সকাল সাড়ে ৭টায় টেকনাফের মাঠপাড়ায় অভিযান চালিয়ে মো. এখলাসের পুত্র মো. মুন্নাসহ তিন দালাল ও দুই রোহিঙ্গা নারীকে আটক করে।

আরো পড়ুন : গোদাগাড়ীতে মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

অন্য দালালেরা হলো- টেকনাফ সদরের মহেশখালীয়া পাড়ার বশির আহমদের পুত্র মো. মনির (২৭), মো. নুরুল আবছার (৩৫), শাহপরীর দ্বীপ মিস্ত্রী পাড়ার ওলি আহমদের পুত্র মো. ইউনুস (৩২) ও দক্ষিণ পাড়ার মৃত নজির আহমদের পুত্র মো. আমিন (৪৯)।

 

আটক দালালদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণ শেষে টেকনাফ থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে প্রেরণ করা হয়েছে।

  

ইত্তেফাক/ইউবি