বিশেষ প্রতিনিধি
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগ থেকে প্রায় কাছাকাছি সময়ে একই সঙ্গে সাত তরুণী নিখোঁজ হয়। এর মধ্যে মিরপুর মডেল থানা পুলিশ চার তরুণীকে উদ্ধার করলেও পল্লবীর তিন তরুণীর গতকাল পর্যন্ত খোঁজ মেলেনি। গতকাল সকালে মিরপুরের চার তরুণীকে উদ্ধার করা হয়। মিরপুর বিভাগের উপকমিশনার আ স ম মাহাতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে মিরপুর বিভাগ হতে মোট সাত তরুণী নিখোঁজ ছিল। তাদের মধ্যে মিরপুরের চার জন উদ্ধার হয়েছে। এরমধ্যে দুই জন সদরঘাট আর দুই জনকে নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে। পল্লবীর তিন জনকেও উদ্ধারে কাজ করা হচ্ছে। গত বৃহস্পতিবার রাজধানীর পল্লবী এলাকা থেকে নিখোঁজ হয় তিন বান্ধবী। একই দিন মিরপুর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ হয় দুই তরুণী। পরদিন শুক্রবার মিরপুর মডেল থানা এলাকা থেকে আরো দুই তরুণী নিখোঁজ হয়।