‘তালেবান হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যা করেছে’

আলজাজিরা

আফগানিস্তানের ক্ষমতা দখল করা তালেবানের বিরুদ্ধে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যার অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যশনাল। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটির দাবি, ক্ষমতা দখলের কিছুদিনের মধ্যেই দেইকুন্ডি প্রদেশে হাজারা সম্প্রদায়ের ১৩ জনকে হত্যা করেছে তালেবান সদস্যরা।

অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ আগস্ট খিদর জেলায় ঢুকে পড়ে ৩০০ তালেবান মিলিশিয়া। আফগান নিরাপত্তা বাহিনীর (এএনএসএফ) অন্তত ১১ জন সদস্যকে হত্যা করে তারা। নিহতরা সবাই সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের মানুষ। তাদের মধ্যে ৯ জনই তালেবানের কাছে আত্মসমর্পণ করেছিল। তার পরও তাদেরকে হত্যা করা হয়েছিল। তাদের বয়স ছিল ২৬ থেকে ৪৬ বছরের মধ্যে।

হত্যাকাণ্ডের সময় নিরাপত্তা বাহিনীর সাবেক কয়েক জন সদস্য পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে তাদের লক্ষ্য করে   গুলিবর্ষণ করে তালেবান মিলিশিয়ারা। এতে মাসুমা নামে ১৭ বছরের এক কিশোরী এবং ফয়েজ নামে ২০ বছরের আরো একজন বেসামরিক ব্যক্তি নিহত হন।