বরিশালে নির্যাতন থেকে রক্ষা পেতে এলাকাবাসীর মানববন্ধন

বরিশাল অফিস

নগরীর দক্ষিণ আলেকান্দা সিকদারপাড়া এলাকায় তিন ভাইয়ের অত্যাচার থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সিকদারপাড়াবাসী এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নগরীর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ও ব্যবসায়ী মো. হেমায়েত সিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রিয়ন সিকদার, সোহেল সিকদার, শফিকুল ইসলাম রাসেল, ইমদাদুল হক দুলাল, নাসরিন বেগম, তারামনি ও রানী বেগমসহ অন্যরা।

বক্তারা বলেন, সিকদারপাড়ায় একটি কনজুমার কোম্পানির ডিলার মো. মাইনুদ্দিন সিকদারের কাছে সম্প্রতি ৩ লাখ টাকা চাঁদা দাবি করে ঐ তিন ভাই—শাহাবুদ্দিন, মহিউদ্দিন ও সোহানের। চাঁদা না দেওয়ায় গত ৩০ সেপ্টেম্বর সকালে স্থানীয় আবুলের চায়ের দোকানের সামনে মাইনুদ্দিনকে মারধর এবং গরমপানি ঢেলে দিয়ে তার শরীর ঝলসে দেয় তারা। এ ঘটনায় ঐদিনই থানায় মামলা করেন মাইনুদ্দিন; কিন্তু আসামিরা ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থাকায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। অবিলম্বে আসামিদের গ্রেফতারের দাবি জানান তারা। বক্তারা আরো বলেন, বড় ভাই ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিনের ক্ষমতার প্রভাবে অপর দুই ভাই বেপরোয়া হয়ে উঠেছে। তারা এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসায় সম্পৃক্ত। তিন ভাইয়ের প্রত্যেকের নামে কোতোয়ালি মডেল থানায় একাধিক মামলা রয়েছে।