ঘূর্ণিঝড়ে ভেঙে যেতে পারত ওমানের বিশ্বকাপ স্বপ্ন

স্পোর্টস ডেস্ক

কিছুদিন আগেই ওমানের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় ‘শাহীন’। প্রবল এই ঝড়ের প্রভাবে প্রাণ হারিয়েছেন ১১ জন। বৃষ্টিপাতে তলিয়ে যায় ওমানের বেশ কিছু রাস্তা; ভূমিধসও হয়েছে। তবে একটা জায়গায় নিজেদের বেশ ভাগ্যবান মনে করছে মধ্যপ্রাচ্যের দেশটি। কেননা, বিশ্বকাপ আয়োজনের যে স্বপ্ন তারা লালন করে আসছিল, তা ভেঙে যাওয়ার খুব কাছে ছিল তারা। এমনটাই জানিয়েছেন ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পঙ্কজ খিমজি। ঘূর্ণিঝড়ের কারণেই বিলম্ব হয়েছিল বাংলাদেশের বিশ্বকাপ-যাত্রা।

মূলত ভারত আয়োজক হলেও, করোনা ভাইরাসের কারণে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে স্থানান্তর করা হয় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’-এর সবগুলো ম্যাচসহ  কিছু প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার  কথা রয়েছে ওমানের আল আমিরাত ক্রিকেট মাঠে। কিন্তু মাঠটি ঘূর্ণিঝড়ের কবলে পড়লে হয়তো তার কিছুই হতো না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে খিমজি বলেন, ‘কার্যত উড়ে যাওয়ার খুব কাছে ছিলাম আমরা। মাত্র কিছু নটিকাল মাইলস উত্তরে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে, যার কারণে ভূমিধসের সৃষ্টি হয় এবং বন্যায় প্লাবিত হয়ে যায় পুরো অঞ্চল। যদি এই অঞ্চলে এমন কিছু হতো, তাহলে বিশ্বকাপকে বিদায় বলে দিতাম আমি।’ ঘূর্ণিঝড়ের প্রভাবে আসা বৃষ্টিতে অবশ্য একটা দিক থেকে লাভ হয়েছে বলে জানান খিমজি, ‘তিন-চার ইঞ্চি বৃষ্টি হয়েছে এখানে, যার ফলে মাঠের ঘাসগুলো আরো সবুজ ও সতেজ হয়ে উঠেছে। তাতে খুব সুন্দর লাগছে। বৃষ্টিতে মুছে গেছে সব ধুলোবালু।’

বাংলাদেশসহ বিশ্বকাপে নিজেদের ক্যাম্প গড়তে ইতিমধ্যে ওমানে পাড়ি জমিয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। আগামী ১৭ অক্টোবর ওমান-পাপুয়া নিউগিনি ম্যাচ দিয়েই পর্দা উঠবে বিশ্বকাপের।