প্রবাসী শ্রমিকদের অনেকেই দেশে ফিরে এসে আর ফিরে যেতে পারেনি। এজন্য রেমিট্যান্স প্রবাহ কমে গেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এখন বিদেশে গমন স্বাভাবিক হয়ে আসছে। এজন্য আগামী দুই-তিন মাসের মধ্যে রেমিট্যান্স স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
গতকাল বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী আরো বলেন, তিন মাসে এক বিলিয়ন ডলারের মতো রেমিট্যান্স কম এসেছে। আশা করছি ধীরে ধীরে ঠিক হবে, বাড়বে। গত বছর প্রায় ২৫ বিলিয়ন ডলার (২ লাখ সাড়ে ১২ হাজার কোটি টাকা) রেমিট্যান্স এসেছিল। এখনো যে গতিতে আসছে, সে গতিতে এলে এ বছর ২২-২৩ বিলিয়ন ডলার আসবে, ২২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স কম না। অপ্রত্যাশিত কারণে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ সামান্য কমেছে। প্রণোদনার জন্য রেমিট্যান্সের বাইরে অন্য অর্থ দেশে প্রবেশ করছে কি না সে বিষয়ে সিপিডি সম্প্রতি তদারকির সুপারিশ করেছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের প্রস্তাব অবাস্তব। কারণ কেউ যদি অন্য খাতের টাকা দেশে ঢুকাতে চায় সেক্ষেত্রে বহু খাত আছে। আমরা অনেক খাতেই প্রণোদনা দিয়ে থাকি। শুধু রেমিট্যান্সে আসবে কেন?
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দুটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় পুলিশ অধিদপ্তর কর্তৃক বাংলাদেশ পুলিশ এর জন্য জি-টু-জি পদ্ধতিতে রাশিয়ার কাছ থেকে দুটি হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। রাশিয়ার সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে হেলিকপ্টার দুটি ক্রয় করা হবে।
সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় মোট ৭ প্রস্তাব অনুমোদন হয়েছে। এর মধ্যে খাদ্য অধিদপ্তর কর্তৃক রাশিয়ান ফেডারেশন হতে জি-টু-জি ভিত্তিতে ১ লাখ মেট্রিক টন গম ৩৫৭ কোটি ৬১ লাখ ৬৫ হাজার টাকায় আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।